ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও কয়েক শ বিক্ষোভকারীকে হেফাজতে নেয় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির প্রতি সংহতি জানাতে মুম্বাইয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। দলটি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে।
নির্বাচনী তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই দাবি জানিয়েছে দলটি। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, বিক্ষোভ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত স্থান আজাদ ময়দান ছাড়া অন্য জায়গায় এ ধরনের বিক্ষোভ আয়োজনের অনুমতি নেই বলে জানিয়েছে পুলিশ। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিক্ষোভকারীদের আটক করা হয়।
অন্যদিকে, সিজেপির কর্মীদের দাবি, তারা বিক্ষোভের অনুমতি চেয়ে পুলিশকে ই-মেইল করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি।
এদিকে, একই দাবিতে দিল্লিতেও বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও আরও কয়েকজন নেতাকে আটক করা হয়।
মুম্বাইয়ে ইমরান খানসহ কয়েক শ বিক্ষোভকারীকে আটকের ঘটনায় রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিনেতার পরবর্তী আইনি অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।
সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
আরু|



