ভারতের রাজধানী দিল্লিতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (১০ অক্টোবর) তাঁকে আটক করে দিল্লি পুলিশ। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও সংসদ সদস্যকেও আটক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনসহ দলের অন্য নেতারা। পুলিশ তাঁদের ধর্না প্রত্যাহার করে সেখান থেকে সরে যেতে বলে। তবে তাঁরা অবস্থান চালিয়ে গেলে পুলিশ তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। তাঁদের কোথায় নেওয়া হয়েছে, তা নিয়ে প্রাথমিকভাবে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে আপত্তি এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছিল।
এদিকে, একই দিন দিল্লিতে আটক হয়েছেন কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তাঁর সঙ্গে সিপিআই(এম) নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য জন ব্রিটাস এবং কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপালকেও আটক করা হয়। পরে তাঁদের দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে দিল্লিতে বিরোধী নেতাদের আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তি এবং সরকারের অবস্থান ঘিরে বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটল।
আরু|



