দেশে আবারও বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে জেট ফুয়েলের দাম নির্ধারণ করেছে। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের প্রতি লিটারের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।
বুধবার (৭ অক্টোবর) জারি করা বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক ও মূসকসহ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। এর আগে সেপ্টেম্বর মাসে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।
অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতকরা হিসাবে এই মূল্যবৃদ্ধির হার প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করেছে বিইআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন এ মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিইআরসির নির্ধারিত নতুন দাম দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে প্রযোজ্য হবে।
জেট ফুয়েলের দাম বাড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে বিমান পরিচালনার ব্যয় আরও বাড়তে পারে। এর প্রভাব ভবিষ্যতে বিমানভাড়া ও যাত্রী পরিবহন খরচেও পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরু|



