দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও নির্মাতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়া ও পরিবারের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে প্রীতম ও শাহতাজ জানান, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই তারা ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, একসঙ্গে কাটানো সময়, তৈরি হওয়া স্মৃতি ও নানা অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে বলেও জানান তারা।
তাদের ভাষ্য, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
প্রীতম ও শাহতাজ আরও জানান, বিচ্ছেদের সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে আলোচনা, অনেক ভেবেচিন্তে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
নতুন জীবনের অধ্যায়ে দুজনই আলাদাভাবে এগিয়ে যেতে চান। এ সময় তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
বিবৃতির শেষদিকে সবসময় পাশে থাকা এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রীতম ও শাহতাজ।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম হাসান ও শাহতাজ মুনিরা হাশেম। বিয়ের আগে থেকেই দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাদের। বিয়ের পরও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্ত ও স্মৃতির ছবি প্রকাশ করতে দেখা গেছে এই দম্পতিকে।
আরু|



