ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি বাসের নিচে আটকে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ চালিয়ে অটোরিকশা থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সবাই অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।
দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে চলে যান। পরে পুলিশ বাসটি আটক করে জব্দ করে। তবে চালক ও সহকারীকে পাওয়া যায়নি। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ৭ জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
তারা হলেন- জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার ছেলে মিনান (৫)। তারা জামালপুর থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। মোফাজ্জল হোসেন গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাদের সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন তথ্যের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরু|



