২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর ২০২৭, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। পুরো টুর্নামেন্টে হবে মোট ৫৭টি ম্যাচ।
নতুন কাঠামোর এই বিশ্বকাপ শুরু হবে নামিবিয়ার উইন্ডহোকে তিন দলের ‘সুপার সিরিজ’ দিয়ে। ২, ৪ ও ৬ অক্টোবর তিনটি ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষ দলটি মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে। এই পর্বে খেলবে কোয়ালিফায়ারের তিনটি দল।
এরপর মূল গ্রুপ পর্বে খেলবে ১২টি দল। দুই গ্রুপে ছয়টি করে দল থাকবে। গ্রুপ ‘এ’তে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’ এবং গ্রুপ ‘বি’তে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও কোয়ালিফায়ার ‘বি’ রয়েছে।
গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। আর বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, উইন্ডহোকে। এরপর ১২ অক্টোবর নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং ২৩ অক্টোবর কোয়ালিফায়ার ‘বি’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ১০ অক্টোবর জোহানেসবার্গে মুখোমুখি হবে।
গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে একবার করে খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দল নিয়ে হবে ‘সুপার ৭’ পর্ব। এই ধাপে সাত দল একে অপরের বিপক্ষে খেলবে, অর্থাৎ হবে ২১টি ম্যাচ।
সুপার ৭ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। প্রথম সেমিফাইনাল ১৭ নভেম্বর কেপটাউনে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।
বিশ্বকাপের ম্যাচ হবে মোট ১২টি ভেন্যুতে দক্ষিণ আফ্রিকায় আটটি, জিম্বাবুয়েতে তিনটি এবং নামিবিয়ায় একটি। ২০০৩ সালের পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
- ৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ – উইন্ডহোক
- ১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ – কুয়াগোম্পো সিটি
- ১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ – ডারবান
- ১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ – ডারবান
- ২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’ – থিসওয়ানে
আরু|



