চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়কগুলোর একটি গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড়। এই সড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার নগরের এ গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
অভিযানে ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন দোকান, অস্থায়ী স্থাপনা ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা মালামাল সরিয়ে দেওয়া হয়।
এ সময় ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন মেয়র। নির্ধারিত জায়গার বাইরে মালামাল না রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্যও তাদের নির্দেশনা দেওয়া হয়।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। সেখানে ব্যবসা পরিচালনা বা পণ্যসামগ্রী রেখে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর জিইসি মোড় এলাকায় ফুটপাত দখল, পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক স্থাপনা ও অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। তখন সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে অনিয়ম সরাতে সাত দিনের সময় দেওয়া হয়েছিল।
চসিক বলছে, নগরের সৌন্দর্য, শৃঙ্খলা এবং পথচারীদের, স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম চলমান থাকবে।
আরু|



