চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাঁদের মধ্যে ৩৫৪ জন কিশোর। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মুখপাত্র রাসেল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের থানায় এনে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। পরে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।
অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, পড়াশোনা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে সন্তানদের দূরে রাখার আহ্বান জানানো হয়।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।



