গণহত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজধানীর ধোলাইখাল-সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে যারা গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, তাদের বিচার নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এ বিচার হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা জানান তিনি।
তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের যে দেশে অবস্থান, সেই দেশের সরকারের কাছে তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তাঁর ভাষ্য, বিচারপ্রক্রিয়ায় আপিলের সুযোগ থাকলেও সাজা ভোগ বা বিচারের মুখোমুখি হওয়া থেকে কেউ রক্ষা পাবেন না।
রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে স্লোগান দেওয়া রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। ভবিষ্যতে স্লোগান রাজনৈতিক হবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরবে।
সরকারের গত সাত মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, সরকার যখন রাজনৈতিক শৃঙ্খলা, সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্র সুসংহত করার কাজ করছে, তখন সাত মাসের মাথায় সরকার পতনের কর্মসূচি দেওয়া অযৌক্তিক।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য এবং সীমান্ত দিয়ে তেল পাচার রোধে মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও আনুপাতিক হারে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে আশ্বাস দেন তিনি।
দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজপথে রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরু|



