ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদে রাস্তায় নেমে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সার্যান্ডন ও ‘হ্যাকস’ তারকা হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক বিক্ষোভকারী।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের পক্ষে কাজ করা সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর ডাকে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন কয়েকশ অধিকারকর্মী ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।
বিক্ষোভকারীরা সড়কে বসে অবস্থান নেন এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’, ‘গণহত্যা বন্ধ করো’ ও ‘নেতানিয়াহু নিউইয়র্ক ছাড়ো’ এমন স্লোগান দেন। তাদের অনেকের পরনে ছিল ‘বোমার বদলে মানুষের পেছনে অর্থ ব্যয় করুন’ লেখা টি-শার্ট।
পুলিশের পক্ষ থেকে সড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও বিক্ষোভকারীদের একটি অংশ অবস্থান চালিয়ে গেলে তাদের সরিয়ে নেওয়া হয়। নিউইয়র্ক পুলিশ জানায়, মোট ১০৩ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সমন জারি করে ছেড়ে দেওয়া হয়।
আটকদের মধ্যে সুসান সার্যান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও কমেডিয়ান ক্যালেব হিয়ারন, লেখক গ্লেনন ডয়েল এবং কয়েকজন স্থানীয় রাজনীতিক ছিলেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, সংগীতশিল্পী লুসি ডাকাস ও অভিনেতা এলিয়ট পেজসহ আরও অনেকে।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হান্নাহ আইনবাইন্ডার বলেন, তাদের গ্রেপ্তারের ছবি যদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে সেই মনোযোগ ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের দুর্ভোগের দিকে দেওয়া উচিত।
এদিকে, একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন নেতানিয়াহু। তার বক্তব্য শুরুর সময় বিভিন্ন দেশের বেশ কয়েকজন প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
আরু|



