চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩৩ হাজার ৪২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-৭। এ সময় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার পৃথক সময়ে পটিয়া ও সাতকানিয়ায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লোহাগাড়ার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. আকিব (২১) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিমা বেগম (৩৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সাতকানিয়ার ছদাহা হাসমতের দোকান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায় এসআরবি-৭। এ সময় একটি নম্বরবিহীন সবুজ সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। পরে যাত্রীসিটের পেছনে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক আকিবকে গ্রেপ্তার করা হয়।
এর আগে দুপুর আড়াইটার দিকে পটিয়ার কমল মুন্সীর হাট এলাকায় মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে চেকপোস্ট বসানো হয়। সেখানে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক গতিবিধির কারণে যাত্রী জসিম উদ্দিন ও তার স্ত্রী রিমা বেগমকে আটক করা হয়।
পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে কোমরে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো ছয়টি পুঁটলি পাওয়া যায়। এসব পুঁটলি থেকে উদ্ধার করা হয় ২ হাজার ৪২৮টি ইয়াবা। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।
এসআরবি-৭ জানিয়েছে, দুটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৩৩ হাজার ৪২৮টি। এর আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইয়াবা ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরু|



