জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিএনপি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনসিপি।
দলটির দাবি, পাটওয়ারীর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারসহ নির্দিষ্ট দাবিগুলো তুলে ধরা এবং দেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ দেখানো।
সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে রাজধানীর নেভিগলিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সেখানে তিনি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার প্রয়োজন।
একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ তিনটি দাবি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এসব দাবি মেনে নিলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ ঘটবে না।
তবে এনসিপি বলছে, ওই বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত করে বিএনপি ও তাদের অনুসারীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, পাটওয়ারীর বক্তব্যের উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক সংস্কার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরা। এনসিপির দাবি, তাদের বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এনসিপি আরও অভিযোগ করেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতা নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার দায় বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর চাপানোর চেষ্টা চলছে।
দলটি জানিয়েছে, জুলাই গণহত্যার বিচার, কাঠামোগত সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।
আরু|



