অভিনয়শিল্পী হিসেবে দর্শকের কাছে পরিচিত হলেও হাসান মাসুদের পরিচয়ের পরিধি আরও বিস্তৃত। জীবনের এক পর্যায়ে সেনাবাহিনীর পোশাকে দেশের দায়িত্ব পালন করেছেন, আবার সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। পরে এসব পেশা থেকে সরে এসে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। শুরু হয় অভিনয়ের নতুন অধ্যায়।
সাংবাদিকতার পাশাপাশি অভিনয়ে পা রেখে অল্প সময়ের মধ্যেই দর্শকের নজর কাড়েন হাসান মাসুদ। দুই দশকের বেশি সময় ধরে শোবিজে কাজ করলেও সাম্প্রতিক সময়ে তাকে পর্দায় তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। ফলে প্রিয় এই অভিনেতাকে নিয়ে দর্শকের আগ্রহও কমেনি।
এরই মধ্যে কিছুদিন আগে অভিনয় ছাড়ার প্রসঙ্গে আলোচনায় আসেন তিনি। এক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না; হজ শেষে ধর্মীয় কাজে মনোযোগী হতে চান। তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা।
পরে অবশ্য বিষয়টি স্পষ্ট করেন হাসান মাসুদ। জানান, চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি বলেননি। বরং পছন্দসই বা ভালো কনটেন্ট না পাওয়ার কারণেই নিয়মিত কাজ করছেন না।
এর মধ্যেই নতুন খবর সামনে এসেছে। একটি কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন এই অভিনেতা। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে প্রশ্ন—তবে কি এবার অভিনয় থেকে পুরোপুরি সরে যাচ্ছেন হাসান মাসুদ?
জানা গেছে, তার নতুন কর্মস্থল একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সেখানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন হাসান মাসুদ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারণামূলক কার্যক্রমেও তাকে দেখা গেছে।
এর আগে কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘ সময় নতুন কোনো অভিনয়কাজেও দেখা যায়নি তাকে। হজ শেষে বিজ্ঞাপনে কাজ করলেও অভিনয় নিয়ে তার আগের বক্তব্য ঘিরে তৈরি হয় নানা আলোচনা। পরে অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
এমন পরিস্থিতিতে নতুন চাকরিতে যোগ দেওয়ার খবর আবারও তার অভিনয় ক্যারিয়ার নিয়ে জল্পনা বাড়িয়েছে। তবে নতুন পেশায় যুক্ত হওয়া মানেই অভিনয়কে বিদায় জানানো এমন কোনো ঘোষণা এখনো দেননি হাসান মাসুদ।
উল্লেখ্য, ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হাসান মাসুদের। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’। অভিনয়ের পাশাপাশি গানও করেছেন তিনি। ২০০৬ সালে প্রকাশিত হয় তার একটি গানের অ্যালবাম।
আরু|



