হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে ১০০টিরও বেশি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
অভিযানে এখন পর্যন্ত শতাধিক স্বর্ণবার উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে জব্দ করা স্বর্ণের মোট ওজন ও আনুমানিক বাজারমূল্য এখনো নির্ধারণ করা হয়নি। স্বর্ণগুলো কারা বহন করছিল এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে ফ্লাইট ও সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ, ওজন ও মূল্য নির্ধারণের পাশাপাশি চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান এখনো চলমান থাকায় জব্দ করা স্বর্ণের পরিমাণ আরও বাড়তে পারে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, অভিযান ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, বিমানবন্দরের বর্তমান কাস্টমস নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঘোষণা দিয়ে সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ তোলা স্বর্ণ বহন করতে পারেন। এর বেশি পরিমাণ স্বর্ণ আটক বা বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
আরু|



