জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে সাজ্জাদ হোসাইন হৃদয়কে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর প্রকাশের পর নিজের ফেসবুক পোস্টে সাজ্জাদ হোসাইন হৃদয় লেখেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। এবার জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদও জানান তিনি।
এরপর তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে কেন্দ্রীয় ছাত্রদল। শোকজ নোটিশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে।
নতুন দর অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। চার ধরনের জ্বালানি তেলের দামই আগের তুলনায় লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।
এর আগে ১ সেপ্টেম্বর থেকে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও অকটেন ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। চলতি বছরের ফেব্রুয়ারির দামের সঙ্গে তুলনা করলে সাত মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৩৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত বেড়েছে।
সর্বশেষ এই মূল্যবৃদ্ধির পর একদিকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে, অন্যদিকে সেই দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা নিয়ে সাংগঠনিক জবাবদিহির মুখে পড়েছেন চবি ছাত্রদলের এই নেতা।
আরু|



