চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে ১ বছর ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার এবং ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া শিশু সাবিহা নূর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মো. বোরহান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে তার পরিবার নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করছে।
এসআরবি-৭-এর তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে নিজেদের বসতঘর থেকে সাবিহা নূরকে কৌশলে নিয়ে যায় ১৫ বছর বয়সী এক কিশোর। এ ঘটনায় দিলো আরা বেগম ও মোজাম্মেল হোসেনের সঙ্গে তার যোগসাজশের অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটির বড় চাচা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
মামলার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান শুরু করে এসআরবি-৭। পরে নগরের লালখান বাজার এলাকা থেকে অভিযুক্ত কিশোর আমির হোসেনকে হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে অপহৃত শিশু সাবিহা নূরকে উদ্ধার করা হয়।
এসআরবি-৭ জানায়, জিজ্ঞাসাবাদে আমির হোসেন শিশুটিকে তার মামি দিলো আরা বেগম ও মামা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে টাকার বিনিময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মো. মোজাম্মেল হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলো আরা বেগমকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারের পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার দুইজন ও হেফাজতে নেওয়া কিশোরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরু|



