অচেনা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করলেই মুহূর্তে বড় বিপদে পড়তে পারেন ব্যবহারকারীরা। আসল অ্যাপের আদলে তৈরি ভুয়া টিকটক বা গুগল ক্রোম ইনস্টল করলেই ফোনে ঢুকে পড়তে পারে ‘রকারোলা’ নামের ভয়ংকর ম্যালওয়্যার।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের এসব অ্যাপ ডাউনলোডে প্রলুব্ধ করা হচ্ছে। ডাউনলোডের সময় গুগল প্লে প্রোটেক্টের মতো দেখতে ভুয়া নিরাপত্তা সতর্কবার্তাও দেখানো হয়। অনেকেই এটিকে আসল সতর্কবার্তা মনে করে অ্যাপ ইনস্টলের অনুমতি দিয়ে ফেলেন। আর তখনই ফোনে প্রবেশ করে ম্যালওয়্যারটি।
ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে ঢোকার পর ‘রকারোলা’ ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এর মধ্যে ২১৭টি অ্যাপের নকল লগইন পেজ তৈরি করে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড চুরি করতে সক্ষম এটি।
শুধু ব্যাংকিং তথ্য নয়, ফোনের লকস্ক্রিনের তথ্য, কনট্যাক্ট তালিকা এবং কী-লগারের মাধ্যমে টাইপ করা তথ্যও হাতিয়ে নিতে পারে ম্যালওয়্যারটি। এমনকি ব্যাংকের প্রতারণা সংক্রান্ত সতর্কবার্তা আটকে দেওয়া এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে আসা ফোনকল বাধাগ্রস্ত করার ক্ষমতাও রয়েছে।
ফলে ব্যবহারকারী বিষয়টি বুঝে ওঠার আগেই সাইবার অপরাধীরা ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ পেতে পারে। এমনকি ক্রিপ্টোকারেন্সিও চুরির ঝুঁকি রয়েছে।
যেভাবে নিরাপদ থাকবেন
বিশেষজ্ঞদের পরামর্শ, অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে শুধুমাত্র অনুমোদিত অ্যাপ স্টোর ব্যবহার করা উচিত। গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোরের বাইরে অচেনা ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করাই নিরাপদ।
কারণ, একটি ভুল ক্লিকই আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিজিটাল সম্পদকে বড় ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
আরু|



