ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, এনবিআরের দাবি করা কর পরিশোধ না করার বিষয়ে গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের রুল খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে তিন অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত বিরোধটি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট একটি হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠানটিকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে ওই বছরের ৩ অক্টোবর স্বার্থের সংঘাতের বিষয় সামনে আসার পর আদালত সেই রায় প্রত্যাহার করে নেয় এবং মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
পরবর্তীতে ২০২৬ সালের জুলাইয়ে গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, ৬৬৬ কোটি টাকা কর মওকুফ বা মামলা প্রত্যাহারের খবর ভিত্তিহীন। তখন তিনি জানান, মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চে শুনানির অপেক্ষায় ছিল।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, গ্রামীণফোনের শেয়ার থেকে পাওয়া আয়ের ওপর উৎসে কর পরিশোধের পর একই আয়ের ওপর পুনরায় কর আরোপের বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণ আদালতের শরণাপন্ন হয়েছিল।
প্রতিষ্ঠানটির দাবি ছিল, এভাবে অতিরিক্ত কর আরোপ আইনসঙ্গত নয়।
এদিকে, নতুন রায়ে হাইকোর্ট এনবিআরের দাবি বহাল রাখায় তিন অর্থবছরের ওই ৬৬৬ কোটি টাকার কর পরিশোধের বিষয়টি আবারও সামনে এসেছে।
আরু|



