রাজধানী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে এক দিনে ১ হাজার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৩ জন মিরপুর বিভাগ থেকে এবং ১১৪ জন তেজগাঁও বিভাগ থেকে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া ওয়ারী থেকে ৮০, মতিঝিল থেকে ৬৮, লালবাগ থেকে ৪২, উত্তরা থেকে ৪২, গুলশান থেকে ৩৯, রমনা থেকে ৩৬ এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, চাকু ও ছুরিসহ ৬টি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি ৩২ কেজির বেশি গাঁজা, ৬২৩টি ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড ও চারটি ইলেকট্রনিক্স চিপ জব্দ করা হয়।
অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদকসংক্রান্ত অপরাধে গ্রেপ্তার হয়েছেন ২৪৪ জন। তাদের মধ্যে ৬৭ জন চিহ্নিত মাদক কারবারি, ৮ জন বহনকারী এবং ১৬৯ জন মাদকসেবী।
এ ছাড়া নিয়মিত মামলায় ১১৬ জন, আদালতের পরোয়ানায় ১১৪ জন, সাজাপ্রাপ্ত পরোয়ানায় ২৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৯ হাজার ১০২টি ইয়াবা, ৩২৮ লিটার চোলাই মদ, ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৫৯৬টি ট্যাপেনটাডল ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মদ ও অন্যান্য মাদকদ্রব্য।
মাদক উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও থানায় ৫৫টি নতুন মাদক মামলা করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানী ও চট্টগ্রাম বিভাগে অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরু|



