ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি পোশাকের ফেব্রিকসের চালানের আড়ালে কাপড়ের রোলের ভেতর লুকিয়ে আনা ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস। জব্দ করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় চালানটি পরীক্ষা করার সময় বিষয়টি ধরা পড়ে। ঢাকা কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান চালানটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ অভিযানে কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।
কাস্টমস সূত্র জানায়, চালানটি গত ৩১ আগস্ট হংকং থেকে আরএইচ-৬৬৫১ ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে। ২০টি প্যাকেজে চালানটির ওজন ছিল প্রায় ৮৯৫ কেজি। নথিপত্রে পণ্যের বিবরণ হিসেবে ‘নিট ফেব্রিকস’ উল্লেখ করা হয়েছিল।
পরে কার্গো স্ক্যান ও কায়িক পরীক্ষার সময় কর্মকর্তাদের সন্দেহ হলে কাপড়ের রোলগুলো খুলে দেখা হয়। তখন রোলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুলসংখ্যক মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়। গণনা শেষে মোট ১ হাজার ৬৫৫টি হ্যান্ডসেট পাওয়া যায়।
জব্দ করা ফোনের মধ্যে ৪৫০টি রেডমি ১৪সি, ১৫০টি রেডমি ১৫সি এবং পুরোনো আইফোনসহ বিভিন্ন চীনা ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি ফোন রয়েছে।
নথিপত্র অনুযায়ী, চালানটির আমদানিকারক হিসেবে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের নাম রয়েছে। রপ্তানিকারক হিসেবে চীনের ঝেজিয়াং শাওশিং সিনহুয়া নিটিং কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। লজিস্টিকস ও ফ্রেইট ফরওয়ার্ডার হিসেবে ছিল জ্যাঙ্কো গ্লোবাল লজিস্টিকস লিমিটেড ও এফ এফ কার্গো সার্ভিস।
চালানটির মাস্টার এয়ারওয়ে বিল নম্বর ৮২৮-৫৬৭৮-২৪১২ এবং হাউস এয়ারওয়ে বিল নম্বর জিএল ৫৭২০৩।
কাস্টমস কর্মকর্তারা ধারণা করছেন, ফেব্রিকসের ভুল ঘোষণার আড়ালে মোবাইল ফোন এনে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্ত এখনো চলছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ফোনগুলোর প্রকৃত আমদানি মূল্য, নতুন ও ব্যবহৃত হ্যান্ডসেটের সংখ্যা, প্রতিটি ফোনের আইএমইআই নম্বর এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ যাচাই করা হচ্ছে। একই সঙ্গে চালানটির প্রকৃত সুবিধাভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরু|



