চীনে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ নারী হকি দল।
শনিবার নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচজুড়েই ছিল বাংলাদেশের একচেটিয়া আধিপত্য।
শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোলটি করেন কনা আক্তার। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে গোল করেন ইমা ও আইরিন আক্তার রিয়া।
দুজনেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে করেন জোড়া গোল।
ম্যাচের চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণের ধার আরও বেড়ে যায়। এ সময় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক সারিকা রিমন। পরপর দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।
শেষ পর্যন্ত চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ নারী দল।
প্রথম ম্যাচের এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আর ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের আইরিন আক্তার রিয়া।
আরু|



