চলতি বছরের আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ড এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকারদের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু।
বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের তথ্য সংকলন করেছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্টে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫৫ জন। তাদের মধ্যে ১০ জন কন্যাশিশু এবং ৪৫ জন নারী।
এ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। ধর্ষণের শিকারদের মধ্যে ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৮ জন কন্যাশিশু। এছাড়া ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে ১৪ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১ জনই কন্যাশিশু।
এদিকে যৌন সহিংসতার শিকার হয়েছেন ৩০ জন নারী ও কন্যাশিশু। তাদের মধ্যে ২৪ জন কন্যাশিশু। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন, যার মধ্যে ১২ জন কন্যাশিশু। এছাড়া উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৯ জন, যার মধ্যে ৮ জন কন্যাশিশু।
সাইবার সহিংসতার শিকার হয়েছেন ৭ জন। তাদের মধ্যে ৪ জন কন্যাশিশু।
এ ছাড়া আগস্ট মাসে নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মহিলা পরিষদ বলছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। ফলে প্রকৃত নির্যাতনের সংখ্যা আরও বেশি হতে পারে।
আরু|



