হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
রোববার (৩০ আগস্ট) রাতে বিমানবন্দরের বি ও সি-শিফটের পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফটের কর্মকর্তারা দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটে বিশেষ নজরদারি চালান। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মো. হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়। একই ফ্লাইটের যাত্রী শারমিন আক্তারের ব্যাগেজ তল্লাশি করে আরও ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
বি-শিফটের অভিযানে সব মিলিয়ে ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, সি-শিফটের কর্মকর্তারা দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে অভিযান চালান। রাত আনুমানিক সোয়া ২টার দিকে ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মহাথে হাসান বাবুর ব্যাগেজ তল্লাশি করে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়।
একই ফ্লাইটের যাত্রী সোহদুল হাসান শাকিলের ব্যাগেজ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা জব্দ করা হয়।
এ ছাড়া কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রী রফিকুল সরদারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়।
সিআইআইডি জানায়, সি-শিফটের অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।
দুই শিফটের পৃথক অভিযানে সব মিলিয়ে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরু|



