চীন-নেপাল সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার তৎপরতার মধ্যেই বন্যায় ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে ঘটনাটি ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি পানির মধ্য থেকে কাঠের তক্তা ও নারীর চুল ধরে একটি মরদেহ টেনে তুলছেন। পরে তারা ওই নারীর দুই কানের দুল খুলে পাশে রেখে দেন। এ সময় আশপাশে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে এবং কয়েকজনকে ঘটনাটি ভিডিও করতে দেখা যায়।
ভিডিওটি হাতে পাওয়ার পর নেপাল পুলিশ তা প্রকাশ করে এবং মরদেহ থেকে কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটকের কথা জানায়। পরে চিতওয়ান পুলিশ নিশ্চিত করে, ভিডিওটির ঘটনাটি ভয়াবহ বন্যার সময় নারায়ণী নদীতে ভেসে আসা একটি মরদেহকে ঘিরে।
ভিডিও বিশ্লেষণ করে পুলিশ ২৫ বছর বয়সী মদন গুরুং ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে।
নেপালের সংবাদমাধ্যম খবরহাবের বরাতে এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভরতপুর মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নেপাল পুলিশ জানিয়েছে, দুর্যোগের এই সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের সম্পদ লুটপাট কিংবা মৃতদেহের সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরু|



