হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার ক্ষেত্রে এবার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়। এ জন্য ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছেন।
সংশোধনের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনসংক্রান্ত রুলস অব বিজনেসের সিডিউল-১-এ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের তালিকায় নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। ‘মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে।
নতুন আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ যুক্ত করা হয়েছে। এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ এবং হালাল সনদ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় এসেছে।
ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানকে হালাল সনদ দেওয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এ কার্যক্রমের আইনগত ভিত্তি ও সক্ষমতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।
নতুন এই সংশোধনের ফলে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদানের কার্যক্রম পরিচালনার জন্য স্পষ্ট প্রশাসনিক ও আইনগত ভিত্তি তৈরি হলো।
আরু|



