ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
সৌদি প্রো লিগে আল-রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রোনালদোর দল আল-নাসর। ম্যাচে বদলি হিসেবে নেমে দলের শেষ গোলটি করেন রোনালদো। ৬২ মিনিটে মাঠে নামার পর ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে গোলটি করেন তিনি।
এই গোলের মধ্য দিয়ে ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর আগে টানা ২৪ মৌসুমে গোল করার রেকর্ডটি ছিল সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচের দখলে। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন তিনি।
রোনালদোর রেকর্ডটি আরও বিশেষ, কারণ চারটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে গোল করে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। স্পোর্টিং দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল-নাসরের হয়ে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় খেলেছেন এই পর্তুগিজ তারকা।
আল-রিয়াদের বিপক্ষে করা গোলটি ছিল রোনালদোর অফিসিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ফলে বহুল আলোচিত ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে রয়েছেন সিআরসেভেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে তার ক্যারিয়ারের শেষ মৌসুম। তবে শেষের পথে থাকা ক্যারিয়ারেও একের পর এক রেকর্ড গড়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
আরু|



