পাকিস্তানের সৌন্দর্য ও ফ্যাশন অঙ্গনে নতুন মাইলফলক তৈরি করেছেন মিসবাহ আরশাদ। ফিলিপাইনে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে তাকে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ হিসেবে মুকুট পরানো হয়েছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মিস ইউনিভার্সের মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাওয়া চতুর্থ নারী হিসেবে জায়গা করে নিলেন তিনি।
লাহোরের মিসবাহ আরশাদ মনোবিজ্ঞানের শিক্ষার্থী। চূড়ান্ত বাছাইপর্বে তার আত্মবিশ্বাসী ও চিন্তাশীল উত্তর বিচারকদের নজর কাড়ে। বিশেষ করে ফিলিপিনো অভিনেতা ও সংগীতশিল্পী বেইলি মে তাকে প্রশ্ন করেন—একই কক্ষে যদি তার ১০ বছর বয়সী ও ৮০ বছর বয়সী রূপের সঙ্গে দেখা হয়, তাহলে কার প্রশ্নের উত্তর দেওয়া বেশি কঠিন হবে?
জবাবে মিসবাহ বলেন, ১০ বছর বয়সী নিজের কাছ থেকেই আসা প্রশ্নটি তার জন্য বেশি কঠিন হবে। কারণ ছোটবেলার সেই মিসবাহ জানতে চাইবে, বড় হয়ে তার জীবন কেমন হয়েছে।
নিজের উত্তর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ছোটবেলার নিজেকে তিনি জানাবেন জীবনে বহুবার ব্যর্থ হলেও তিনি প্রতিবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন। তার মতে, জীবনের এই ওঠানামা শুধু মেনে নেওয়ার বিষয় নয়, বরং উপভোগ করারও বিষয়। তিনি আরও বোঝান, আগুনের উত্তাপ যত বাড়ে, সোনা তত বেশি খাঁটি হয়।
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে অবশ্য মিসবাহর এটি প্রথম অভিজ্ঞতা নয়। ২০২৩ সালে তিনি পাকিস্তানের হয়ে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন। পরের বছর পোল্যান্ডে অনুষ্ঠিত মিস সুপ্রান্যাশনাল ২০২৪-এও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
তার এই দীর্ঘ পথচলার অভিজ্ঞতা সম্পর্কে মিসবাহর বক্তব্ ব্যর্থতা দিয়ে কখনো সাফল্যকে বিচার করা যায় না। বরং আশাবাদ ধরে রেখে প্রতিটি ধাপে নিজেকে আরও উন্নত করাই আসল বিষয়। তার কাছে মুকুটের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই যাত্রাপথে অর্জিত শিক্ষা এবং মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক।

ফিলিপাইনের অনুষ্ঠানে মিসবাহর হাতে আনুষ্ঠানিক স্যাশ তুলে দেন মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন। তার পূর্বসূরি রোমা রিয়াজও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এখন মিসবাহর সামনে আরও বড় আন্তর্জাতিক মঞ্চ। ২৪ নভেম্বর ২০২৬ পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফাইনাল।
মিস ইউনিভার্স অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ঐতিহাসিক এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে কোলিসেও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট-এ।
পাকিস্তানের মিস ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয় ২০২৩ সালে। প্রথম প্রতিনিধি হিসেবে এরিকা রবিন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। এরপর নূর জারমিনা ও রোমা রিয়াজও দেশটির হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন। এবার সেই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন মিসবাহ আরশাদ।
একাধিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অভিজ্ঞ এই তরুণী এবার মিস ইউনিভার্সের সবচেয়ে বড় মঞ্চে নিজের দেশকে তুলে ধরার প্রস্তুতি নেবেন।
তার লক্ষ্য- শুধু সৌন্দর্য নয়, আত্মবিশ্বাস, শিক্ষা, ব্যক্তিত্ব ও নিজের জীবনের সংগ্রামের গল্প দিয়েও বিশ্বমঞ্চে পাকিস্তানের পরিচয় তুলে ধরা।
আরু|



