দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট শেষে প্রকাশ্যে গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোট পড়ে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পান।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন মোট ৩৪৯ জন সংসদ সদস্য। তবে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ওই আসনের কোনো ভোটার ছিলেন না। এছাড়া ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য বিদেশে থাকায় ভোট দিতে পারেননি।
নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।
ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় শুরু থেকেই বিএনপি মনোনীত প্রার্থীর জয় অনেকটা নিশ্চিত বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত ভোটের ফলেও তার প্রতিফলন দেখা যায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হলো। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) তার শপথ নেওয়ার কথা রয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল।
আরু|



