স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেতে আবেদন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার দুপুর ১টার দিকে আইনজীবীসহ দীপু মনির পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর এ বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মে মাসেও গুরুতর অসুস্থ স্বামীর পাশে থাকার জন্য দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তার সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।
আইনজীবী আরও জানান, আবেদনটি গৃহীত হলে জেলা প্রশাসনের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে দীপু মনিকে প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। এর আগে স্বামীর গুরুতর অসুস্থতার সময়ও তার প্যারোলে মুক্তির আবেদন নিয়ে প্রশাসনিক প্রক্রিয়া হয়েছিল। সে সময় মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদনটি প্রক্রিয়াধীন থাকার কথা জানানো হয়েছিল।
আরু|



