ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে সত্যতা পাওয়া গেলে তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।
ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। পাশাপাশি বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রের ভাষ্য, কুশডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। ওই নারীর স্বামী বিদেশে অবস্থান করেন। সম্প্রতি কথিত এই সম্পর্কের বিষয়টি উভয় পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগের বিষয়ে ইনামুল মোল্লার বক্তব্য জানতে তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইনামুলের কর্মস্থল মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, দুই দিন আগে ওই নারীর স্বামী বিদেশ থেকে তাকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অভিযোগের বিষয়টি জানান। তবে বিষয়টি সম্পর্কে এর আগে তিনি অবগত ছিলেন না বলে জানান।
এ বিষয়ে বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ পাওয়ার পর ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
তবে অভিযোগের বিষয়ে এখনো ইনামুল মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগটিকে অভিযোগ হিসেবেইদেখা হচ্ছে।
আরু|



