দেশে ডেঙ্গুর ভয়াবহতা যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৫১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬, খুলনা বিভাগে ১৩৫, ময়মনসিংহে ৬১, রাজশাহীতে ৪৬, রংপুরে ২৪ এবং সিলেটে তিনজন রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬০১ জন। এর মধ্যে শুধু আগস্ট মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯১ জন। জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে ২০ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
ক্রমাগত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গুর মৌসুমি প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
আরু|



