বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল ১৪ বছর বয়সী স্কুলছাত্র সাইয়েদ মুনিপ আহমেদ শান। নিখোঁজের তিন দিন পর সোমবার (১৭ আগস্ট) রাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শানের সঙ্গে থাকা চার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
নিহত শান চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে শানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকেন।
একপর্যায়ে সোমবার রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে শানের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শানের জেঠা যুক্তরাষ্ট্রপ্রবাসী ফোরকান মঙ্গলবার সকালে মুঠোফোনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। শানের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মডেল স্কুলের হিসাবরক্ষক মো. ওমর হায়দার শাহেদও তার নিখোঁজ ও মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।
তবে শানের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছেন স্বজনরা।
বর্তমানে শানের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।
এদিকে চার বন্ধুকে গ্রেপ্তারের খবর পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা কী এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
আরু|



