বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরেই কলকাতার বাংলা চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি এবার কলকাতার একটি সামাজিক কর্মসূচিতেও অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতার রাজপথে নারী নিরাপত্তার দাবিতে আয়োজিত এক মিছিলে অংশ নেন এই অভিনেত্রী।
জানা গেছে, ১৪ আগস্ট রাতে কলকাতায় নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে রাজনীতিক, চলচ্চিত্র তারকা, নারী বিধায়ক ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে জয়া আহসানের পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও কয়েকজন শিল্পী উপস্থিত ছিলেন। মিছিলের একপর্যায়ে তাদের কাজী নজরুল ইসলামের প্রতিবাদী গান ‘কারার ঐ লৌহ কপাট’-এ কণ্ঠ মেলাতেও দেখা যায়।
নারী নিরাপত্তা ও রাতে নারীদের অবাধ চলাচলের অধিকারকে সামনে রেখে কলকাতায় ‘রাত দখল’ ধরনের কর্মসূচির আয়োজন নতুন নয়। এর আগে ১৪ আগস্ট রাতেও কলকাতার বিভিন্ন এলাকায় নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে।
তবে এবারের কর্মসূচিতে জয়া আহসানের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে। মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর কেউ কেউ প্রশ্ন তুলেছেন বাংলাদেশের নাগরিক হয়ে ভারতের একটি কর্মসূচিতে জয়ার অংশগ্রহণ কতটা স্বাভাবিক। আবার অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।
তাদের মতে, নারী নিরাপত্তার মতো সামাজিক ইস্যুতে একজন শিল্পীর সরব হওয়া কোনো দেশের সীমারেখায় আটকে থাকার বিষয় নয়।
জয়ার এই অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে তিনি ব্যক্তিগত অবস্থান থেকে নাকি শুধুই সামাজিক সচেতনতার অংশ হিসেবে কর্মসূচিতে যোগ দিয়েছেন_তা স্পষ্ট নয়।
এদিকে কলকাতায় জয়া আহসানের ব্যস্ততা মূলত চলচ্চিত্রকেন্দ্রিক। সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবিটি ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই একাধিক প্রদর্শনীতে হাউজফুল হওয়ার খবর প্রকাশিত হয়।
ছবিটির প্রচারণার সময়ও জয়া কলকাতায় অবস্থান করছিলেন। ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন।
অভিনয়ের জগতে দুই বাংলাতেই জনপ্রিয় জয়া আহসানের কলকাতার রাজপথে এমন উপস্থিতি তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে সমালোচনা ও প্রশংসা_দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
আরু|



