দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড-এর কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে এ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী ১১ ও ১২ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি কেনা হবে। এ চালানের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে দেশীয় উৎপাদনের পাশাপাশি নিয়মিত এলএনজি আমদানি করা হয়। দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট ও জি-টু-জি ব্যবস্থার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী এলএনজি সংগ্রহ করে সরকার।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজারে এলএনজির দামের ওঠানামার কারণে সরকার পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন উৎস থেকে গ্যাস সংগ্রহের কৌশল গ্রহণ করছে, যাতে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।
আরু||খব



