প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালতে হাজির করার পর আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় একদল বিক্ষোভকারী তার দিকে ডিম ছোড়ে এবং বিভিন্ন স্লোগান দেয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এর আগে একই দিন ভোরে রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি আবাসিক ভবন থেকে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার জানান, তানভীরকে আদালতে আনা হবে এমন খবর পেয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সকাল থেকেই আদালত চত্বরে অবস্থান নেন। আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় তারা বিক্ষোভ করেন। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি তার দিকে ডিম নিক্ষেপ করেন।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন দাবি করেন, প্রধানমন্ত্রী ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মাধ্যমে গাজী সালাউদ্দিন তানভীরসহ কয়েকজন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এ ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
অন্যদিকে বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।
তিনি বলেন, আদালত প্রাঙ্গণের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল এবং কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
আরু/



