রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের গুঞ্জনে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে তার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনাল। আর্সেনালে সম্ভাব্য যোগদানের খবরকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করে প্রতিষ্ঠানটি এসব তথ্যকে ‘ভুয়া, ভিত্তিহীন ও ক্ষতিকর’ বলে উল্লেখ করেছে।
সম্প্রতি ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। এমনকি ক্লাবটি তার জন্য নিজেদের বেতন কাঠামো ও ইমেজ রাইটস নীতিতেও ছাড় দিতে প্রস্তুত বলে খবর প্রকাশিত হয়। তবে এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।
এমন গুঞ্জনের মধ্যেই ইনস্টাগ্রামে এক বিবৃতিতে রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনালের সভাপতি মাইকেল ইয়োরমার্ক বলেন, মনোযোগ আকর্ষণের জন্য কিছু সংবাদমাধ্যম তাদের ক্লায়েন্টদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও অপতথ্যভিত্তিক খবর প্রকাশ করছে।
তার ভাষায়, “অপেশাদার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে যখন আমাদের ক্লায়েন্টদের টার্গেট করা হয়, তখন আমরা চুপ করে থাকতে পারি না। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই খেলোয়াড়দের নিয়ে এ ধরনের প্রতিবেদন গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “এসব ভ্রান্ত প্রতিবেদন জনমনে ভুল ধারণা সৃষ্টি করে এবং খেলোয়াড়দের সুনাম ক্ষুণ্ন করে। সাংবাদিক ও সংবাদমাধ্যমের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।”
ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য থাকলেও নিশ্চিতভাবে জানা গেছে, তার ভবিষ্যৎ নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা চলছে এবং ক্লাবটি নতুন চুক্তির বিষয়ে আশাবাদী। একই সময়ে আর্সেনাল পরিস্থিতির ওপর নজর রাখছে, তবে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা ক্লাব-টু-ক্লাব আলোচনা এখনও হয়নি।
সব মিলিয়ে, আর্সেনালে ভিনিসিয়ুসের সম্ভাব্য যোগদান নিয়ে জোরালো গুঞ্জন থাকলেও তার এজেন্সি স্পষ্টভাবে জানিয়েছে, গণমাধ্যমে প্রচারিত অনেক তথ্যই ভিত্তিহীন। ফলে এই মুহূর্তে ব্রাজিলিয়ান উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি; বিষয়টি এখনও চুক্তি আলোচনার ওপরই নির্ভর করছে।
আরু/



