দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। এই জল্পনার মধ্যেই আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সরকারের কর্মপরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা মতামত দেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলেও আলোচনা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি। তবে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে কয়েকটি নাম ঘুরে ফিরে আসছে।
এর মধ্যে রয়েছেন – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও আলোচনায় রয়েছে। তবে এসব নামের কোনোটিই বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম প্রস্তাব করা হবে। তাই আজকের বৈঠকে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নাও আসতে পারে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
আরু/



