চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠতে যাচ্ছে। এই প্রকল্পের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি নিশ্চিত না হলে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়।
সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিনিয়োগকারীদের প্রথম চাহিদা হলো নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ। জানমাল ও সম্পদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা থাকলে নতুন বিনিয়োগ আসবে না। তাই সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
মন্ত্রী বলেন, একটি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় উদ্যোক্তারাও নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে বিনিয়োগে আগ্রহী হন।
সিইআইজেডসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করছে। শিল্পাঞ্চলে কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ানের, চীনা সড়ক ও সেতু কর্পোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, আনোয়ারার চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পুরোপুরি চালু হলে দেশে এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বৈদেশিক বিনিয়োগ আসতে পারে। পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে শিল্পাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
আরু/


