চট্টগ্রাম নগরীতে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। পুলিশ জানায়, গ্রেপ্তার আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভুক্ত আসামি আসিফকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসিফ ও তার সহযোগী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্যও তারা দিয়েছেন বলে পুলিশের দাবি।
এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। আরিফের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির দুটি মামলা।
আরু/


