দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার অভিযোগে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন এ রিট দায়ের করেন।
রিটে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটের ভিত্তি হিসেবে পরিবেশবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সাম্প্রতিক একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। ‘মাইক্রোপ্লাস্টিকস ইন টুথপেস্ট: সায়েন্টিফিক এভিডেন্স ফর পলিসি অ্যান্ড রেগুলেটরি অ্যাকশন ইন বাংলাদেশ’ শীর্ষক এ গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত হয় এবং গত ২৬ জুলাই রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ করা হয়।
গবেষণায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়। খুচরা দোকান, সুপারশপ ও পাইকারি বাজার থেকে সংগৃহীত নমুনাগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজিতে পরীক্ষা করা হয়।
গবেষণার ফলাফলে দেখা যায়, পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে (৭৬ দশমিক ৫ শতাংশ) মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে।
দেশে উৎপাদিত ২৫টি নমুনার মধ্যে ২২টিতে, ভারতের পাঁচটির মধ্যে একটিতে, থাইল্যান্ডের দুইটির মধ্যে একটিতে এবং ভিয়েতনামের দুইটি নমুনার দুটিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
গবেষণায় সর্বোচ্চ প্রতি ১০০ গ্রামে ৩২০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লোরাইড জেল’ টুথপেস্টে। এছাড়া ‘ক্লোজ আপ রেড হট’ ও ‘ক্লোজআপ মেন্থল ফ্রেশ’-এ ১৬০টি, ‘কোডোমো আলট্রা শিল্ড ফর্মুলা (স্ট্রবেরি)’-তে ১৪০টি, ‘সিগন্যাল গ্রিন টি’-তে ১২০টি এবং ‘পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট’ ও ‘হিমালয়া কমপ্লিট কেয়ার’-এ ১০০টি কণা শনাক্ত হয়েছে।
যেসব টুথপেস্টে পাওয়া যায়নি
নিচের ৮টি নমুনায় শনাক্তযোগ্য মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি—
- প্যারোডন্ট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার
- জেনফ্রেশ
- প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো)
- সেনসোডাইন ফ্রেশ জেল
- কোলগেট ম্যাক্সফ্রেশ
- ক্লোজআপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজি
- কোডোমো (অরেঞ্জ)
- কোলগেট অ্যাকটিভ সল্ট
গবেষকরা বলেছেন, টুথপেস্টে কোনোভাবেই মাইক্রোপ্লাস্টিক থাকা উচিত নয়। এটি মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে, রিটে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও আদালতের কোনো আদেশ হয়নি এবং সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও প্রকাশিত হয়নি।
আরু/


