বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ‘ফেরেশতাদের দল’ নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদেরও ভুল-ত্রুটি, দোষ বা অপরাধ হতে পারে। তবে অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই এবং প্রমাণিত অপরাধের ক্ষেত্রে দল সংশোধনমূলক ব্যবস্থা নেয়।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কোনো ভুল করি না। আমাদেরও ভুল, অন্যায়, দোষ ও অপরাধ হতে পারে।”
তিনি দেশ ও জাতির স্বার্থে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি জামায়াতের কোনো নেতাকর্মীর অন্যায় বা অপরাধের তথ্য পান, তাহলে তা দলের কাছে তুলে ধরুন। অভিযোগ প্রমাণিত হলে দল তা থেকে শিক্ষা নিয়ে সংশোধনের উদ্যোগ নেবে।
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যারা আদর্শের রাজনীতি করেন, তাদের নৈতিকতার প্রশ্নে আরও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই”।
বক্তব্যে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিও তুলে ধরেন। তার দাবি, জনগণ গণভোটের মাধ্যমে পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মত দিয়েছে। সেই রায়কে সম্মান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং জুলাই জাদুঘর প্রতিষ্ঠার অগ্রগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
আরু/



