দেশের সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।
শুক্রবার (২৪ জুলাই) থেকে তাদের বিভিন্ন শাখায় একযোগে মুক্তি পাচ্ছে চারটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র।
হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, অ্যানিমেশন ও কনসার্ট ফিল্ম বিভিন্ন ঘরানার এই ৪ সিনেমার মাধ্যমে দর্শকদের জন্য বৈচিত্র্যময় বিনোদনের আয়োজন করা হয়েছে।
সবচেয়ে আলোচিত মুক্তির তালিকায় রয়েছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন ‘Evil Dead Burn’। এটি ‘Evil Dead Rise’-এর পরবর্তী কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন সেবাস্তিয়ান ভানিচেক এবং প্রযোজনা করেছেন স্যাম রাইমি ও রব ট্যাপার্ট। সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন অভিনীত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক তরুণীকে ঘিরে, যিনি স্বামীর মৃত্যুর পর একটি নির্জন বাড়িতে আশ্রয় নেন। সেখানে ‘Book of the Dead’-এর অভিশপ্ত শক্তি জেগে ওঠার পর শুরু হয় ভয়ংকর অতিপ্রাকৃত ঘটনাপ্রবাহ।
দ্বিতীয় সিনেমা ‘Passenger’। আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত এই সাইকোলজিক্যাল হরর-থ্রিলারে অভিনয় করেছেন জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও। একটি রোড ট্রিপে বের হওয়া তরুণ দম্পতি ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার সাক্ষী হওয়ার পর রহস্যময় এক অতিপ্রাকৃত সত্তার মুখোমুখি হয়। এরপর বেঁচে থাকার সংগ্রামই হয়ে ওঠে ছবিটির মূল আকর্ষণ।
পরিবারের দর্শক ও শিশু-কিশোরদের জন্য রয়েছে অ্যানিমেশনভিত্তিক সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘Time Hoppers: The Silk Road’। ভবিষ্যতের চার শিশু বিজ্ঞানী ভুলবশত টাইম-ট্রাভেলের মাধ্যমে ৮২৫ খ্রিস্টাব্দের বাগদাদে পৌঁছে যায়। ইতিহাস ও বিজ্ঞানের ভবিষ্যৎ রক্ষায় তাদের রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।
এছাড়া সংগীতপ্রেমীদের জন্য বড় আকর্ষণ ‘Billie Eilish: Hit Me Hard and Soft – The Tour’। বিশ্বখ্যাত পপ তারকা বিলি আইলিশের জনপ্রিয় বিশ্ব সফরের ম্যানচেস্টার কনসার্টকে কেন্দ্র করে নির্মিত এই থ্রিডি কনসার্ট ফিল্মটি উন্নত ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে ধারণ করা হয়েছে। দর্শক যেন সরাসরি কনসার্টের ভিআইপি জোনে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করছেন এমন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের দর্শকদের আন্তর্জাতিক মানের নতুন সিনেমা উপহার দিতে তারা সবসময়ই কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে হরর, থ্রিলার, অ্যানিমেশন ও কনসার্ট ফিল্মের মতো ভিন্নধর্মী চারটি সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ায় দর্শকরা একটি ব্যতিক্রমী সিনেমা-সপ্তাহ উপভোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আরু/


