২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সমালোচনার মুখে পড়েছেন দলের অন্যতম তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে এবার তিনি আলোচনায় এসেছেন মাঠের পারফরম্যান্সের জন্য নয়, বরং নিজের চেহারায় পরিবর্তন আনার কারণে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম TMC-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার কসমেটিক সার্জারির মাধ্যমে নিজের চিবুক (Chin Augmentation) পুনর্গঠন করিয়েছেন। অস্ত্রোপচারটি ব্রাজিলের গোইয়ানিয়া শহরের একটি বিশেষায়িত ক্লিনিকে সম্পন্ন হয়। এ প্রক্রিয়ার নেতৃত্ব দেন খ্যাতনামা চর্মরোগ ও কসমেটিক বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারসাও।
অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুকের কয়েকটি ছবি প্রকাশ করেন ভিনিসিয়ুস। পাশাপাশি পুরোনো ছবিও শেয়ার করেন তিনি। নতুন ও পুরোনো ছবির তুলনায় তার মুখাবয়বে পরিবর্তন স্পষ্টভাবে ধরা পড়ে। অনেক ভক্ত মন্তব্য করেছেন, প্রথম দেখায় তাকে চিনতেই কষ্ট হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই লুক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ পরিবর্তনের প্রশংসা করেছেন, আবার কেউ বিস্ময় প্রকাশ করেছেন।
যদিও ভিনিসিয়ুস বা তার প্রতিনিধিরা এখন পর্যন্ত সার্জারির কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্পেনে খেলাকালীন দীর্ঘদিন ধরে বর্ণবাদী আচরণের শিকার হওয়া এবং ব্যক্তিগত আত্মবিশ্বাসের বিষয়টি তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর থেকেই দল ও কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। সেই আবহেই নতুন চেহারার কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
আরু/


