বিএনপি নেতা রাশেদ খাঁন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (১৯ জুলাই) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। তিনি ওই পোস্টে নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপনের একটি অনুলিপিও শেয়ার করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।”

তিনি আরও লেখেন, “আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি বিধি-বিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।
রাশেদ খাঁনের এই নিয়োগকে বিএনপির নতুন সরকারের প্রশাসনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের আলোকে সরকার পরিচালনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
আরু/


