ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বিয়ে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা থাকলেও এবার তিনি নিজেই জানিয়েছেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, কবে বিয়ে করতে চান তিনি।
জবাবে অভিনেত্রী বলেন, এখনই বিয়ের কোনো তাড়া অনুভব করছেন না। তিনি মনে করেন, জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে আরও সময় দিতে চান। তার ভাষায়, সম্ভবত আগামী ৫ থেকে ৭ বছর পর বিয়ের বিষয়টি গুরুত্বসহকারে ভাববেন।
ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে নিজের প্রত্যাশার কথাও জানান দীঘি।
তিনি বলেন, একজন মানুষের সবচেয়ে বড় গুণ হলো সততা। পাশাপাশি নিজের ভুল স্বীকার করার সাহস এবং মানসিক পরিপক্বতা থাকা জরুরি বলেও মনে করেন তিনি।
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হওয়া দীঘি অল্প বয়সেই দর্শকদের মন জয় করেন। অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্তমানে তিনি নিয়মিত চলচ্চিত্র ও বিভিন্ন ওটিটি প্রজেক্টে কাজ করছেন এবং ক্যারিয়ার নিয়েই বেশি মনোযোগী বলে জানিয়েছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি এবং অভিনেতা মুহাইমিন রাশিদ-এর সঙ্গে দীঘির সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে দীঘি বরাবরই এসব খবরকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, তাদের সঙ্গে তার সম্পর্ক কেবল বন্ধুত্বের।
বিয়ে নিয়ে দীঘির সাম্প্রতিক মন্তব্য ইতোমধ্যে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিনেত্রীর বক্তব্যে স্পষ্ট, আপাতত তিনি ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়নেই মনোযোগ দিতে চান। জীবনের নতুন অধ্যায়ে পা রাখার আগে নিজের মতো করে সময় নিতে চান বলেও জানিয়েছেন তিনি।
আরু/


