স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষ হতেই রাজধানী প্যারিস ও লিওসহ কয়েকটি এলাকায় একদল সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালানো অভিযানে দুই শহর মিলিয়ে অন্তত ১৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শুধু প্যারিস ও আশপাশের এলাকা থেকেই ১৪১ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অধিকাংশকে গ্রেফতার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে।
অন্যদিকে লিও শহরের প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় খেলা দেখতে শত শত সমর্থক জড়ো হয়েছিলেন। ম্যাচ শেষে কয়েকটি ছোট দল পুলিশের দিকে আতশবাজি ও বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দাঙ্গা দমন ইউনিট CRS 83 মোতায়েন করা হয়। যৌথ অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং সেখানে আরও ২১ জনকে আটক করা হয়।
স্থানীয় প্রশাসনের ভাষ্য, আটক হওয়া অধিকাংশই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় কেউ গুরুতর আহত হননি এবং সরকারি বা বেসরকারি সম্পত্তির বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে নিরাপত্তা নিশ্চিতে আগেই জাতীয় দিবস ও বিশ্বকাপ সেমিফাইনালকে কেন্দ্র করে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন করা হয়েছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আরলিংটনে অনুষ্ঠিত সেমিফাইনালে স্পেন ২-০ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে।
আরু/


