তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। তারা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবির সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে তারা সংগঠিত হয়ে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করেন। পুরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে এসেছি। আমাদের তিন দফা দাবি এখনো পূরণ হয়নি। তাই শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের দাবি জানাব।”
আরেক শিক্ষার্থী নূরনন্নবী বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক। সরকার যেন দ্রুত এগুলো বাস্তবায়ন করে।”
মিছিল চলাকালে শিক্ষার্থীরা “দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ”, “তুমি কে, আমি কে—ফার্মের মুরগি” সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
শিক্ষার্থীদের অবরোধের কারণে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে তারা সড়ক ছেড়ে দেওয়ার পর আটকে থাকা যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচিবালয়মুখী সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
আরু/


