ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা আরও জোরদার করতে বড় পরিবর্তন আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। খুব শিগগিরই ফোন নম্বরের পরিবর্তে পছন্দের একটি ইউজারনেম ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। ফলে নতুন কারও সঙ্গে চ্যাট শুরু করতে আর মোবাইল নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে প্রতিটি ব্যবহারকারী একটি স্বতন্ত্র (ইউনিক) ইউজারনেম নিবন্ধন করতে পারবেন। এরপর সেই ইউজারনেম শেয়ার করেই অন্য কেউ তাকে খুঁজে পাবে এবং চ্যাট শুরু করতে পারবে।
গোপনীয়তায় বড় সুবিধা
বর্তমানে হোয়াটসঅ্যাপে নতুন কারও সঙ্গে যোগাযোগ করতে হলে মোবাইল নম্বর প্রকাশ করতেই হয়। বিশেষ করে গ্রুপে যুক্ত হওয়া বা নতুন পরিচিতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর অনেক সময় অচেনা মানুষের কাছেও চলে যায়। নতুন ইউজারনেম ব্যবস্থা চালু হলে ফোন নম্বর গোপন রেখেই যোগাযোগ করা সম্ভব হবে।
ডিরেক্টরি বা সাজেশন থাকবে না
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ইউজারনেম অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো কাজ করবে না। ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার জন্য কোনো উন্মুক্ত ডিরেক্টরি বা সার্চ তালিকা থাকবে না। এছাড়া অ্যাপ থেকে কাউকে বন্ধু হিসেবে যুক্ত করার জন্য কোনো সাজেশনও দেওয়া হবে না।
এমনকি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবহৃত ইউজারনেমের সঙ্গে হোয়াটসঅ্যাপের ইউজারনেম একই হওয়া বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে সম্পূর্ণ আলাদা একটি নামও নির্বাচন করতে পারবেন।
কীভাবে কাজ করবে
প্রথমে ব্যবহারকারী নিজের জন্য একটি নির্দিষ্ট ইউজারনেম সংরক্ষণ করবেন। এরপর নতুন কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে সেই ইউজারনেমটি শেয়ার করলেই অপর ব্যক্তি সেটি ব্যবহার করে চ্যাট শুরু করতে পারবেন। নতুন ফিচার চালু হলে নতুন চ্যাটের ক্ষেত্রে ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেমই প্রদর্শিত হবে।
কীভাবে ইউজারনেম সেট করবেন
ফিচারটি উন্মুক্ত হওয়ার পর হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে গিয়ে—
- Settings এ প্রবেশ করুন।
- Account নির্বাচন করুন।
- Username অপশনে গিয়ে পছন্দের ইউজারনেম নিবন্ধন করুন।
যদি পছন্দের নাম পাওয়া না যায়, তাহলে হোয়াটসঅ্যাপের Username Generator বিকল্প থেকেও উপযুক্ত নামের পরামর্শ নেওয়া যাবে।
ব্যবসা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুবিধা
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থা চাইলে তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবহৃত বর্তমান ইউজারনেমই হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন। এতে বিভিন্ন প্ল্যাটফর্মে একই পরিচয় বজায় রাখা সহজ হবে।
কবে চালু হবে
ইউজারনেম সংরক্ষণের সুবিধা ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে ফিচারটি সবার জন্য পুরোপুরি কার্যকর হতে চলতি বছরের শেষ ভাগ পর্যন্ত সময় লাগতে পারে। ফিচারটি আপনার অ্যাকাউন্টে চালু হলে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেবে।
আরু/


