জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের হামলা থেকে বাংলাদেশের কেউ রক্ষা পাচ্ছে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, যা উদ্বেগজনক।
শুক্রবার চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে প্রকাশ্যে মিছিল করে, এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই। সরকারকে অবশ্যই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “তারা যেন আর দেশের জনগণকে হুমকির মুখে ফেলতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে তাদের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো ভাই-বোনকে হত্যার সিদ্ধান্ত নেওয়ার সাহস না পায়।”
এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে তারা ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে মুসল্লি ও স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
আরু/



