লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলার তীব্রতা বাড়ানোয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর প্রকাশ্যে ক্ষোভ ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে ‘পাগল’ ও ‘নিমকহারাম’ বলে আখ্যায়িত করেন এবং বৈরুতে পরিকল্পিত হামলা থামিয়ে দেন।
গতকাল সোমবার (১ জুন) নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের এক উত্তপ্ত ফোনালাপ হয়। মঙ্গলবার (২ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম এক্সিওস জানায়, এই আলাপটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
ইরান আগেই হুমকি দিয়েছিল, ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করলে তারা চলমান আলোচনা থেকে সরে দাঁড়াবে। ঠিক এই পরিস্থিতিতেই ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেন।
সূত্রের বরাতে জানা যায়, ট্রাম্প নেতানিয়াহুকে উন্মাদ বলেছেন।
উত্তেজিত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনি একটা আস্ত উন্মাদ। আমি না থাকলে আপনি জেলে যেতেন। আমিই আপনার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই আপনাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।’ এমনকি শোনা গিয়েছে, ফোনালাপ চলাকালীন ক্ষুব্ধ ট্রাম্প এক পর্যায়ে চিৎকার করে বলেন ওঠেন, ‘আপনি এসব কী করছেন?’
একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প নেতানিয়াহুকে স্পষ্টভাবে বলেন — লেবাননে হামলা অব্যাহত থাকলে বিশ্বে ইসরায়েল আরও একঘরে হয়ে পড়বে।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলেই দুর্নীতির মামলা চলছে। ট্রাম্প আগেও প্রকাশ্যে বেশ কয়েকবার নেতানিয়াহুকে এই মামলা থেকে রেহাই দিতে আহ্বান জানিয়েছেন।
ফোনালাপে ট্রাম্প এ বিষয়টির প্রসঙ্গ টেনে বলেন, “আমার কারণে আপনাকে জেলে যেতে হয়নি।”
ফোনালাপের পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে জানান, হিজবুল্লাহ ইসরায়েলের ওপর আর হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে কোনো হামলা করবে না।
তবে নেতানিয়াহু পরবর্তীতে এক বিবৃতিতে জানান, লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে। যদিও ফোনালাপের সময় তিনি তুলনামূলকভাবে নরম সুরে কথা বলেছেন বলে একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।


